চুয়াডাঙ্গায় জান্নাতুল মাওয়া (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
পরিবারের ধারণা, জান্নাতুল মাওয়া আত্মহত্যা করেছেন। তবে তার সহপাঠীদের একাংশের দাবি, জান্নাতুলের পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তে শেষে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ওসির কাছে লিখিত আবেদন করেছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে শহরের পৌর কলেজপাড়ায় একটি ভাড়া বাসার শয়নকক্ষের দরজা ভেঙে জান্নাতুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তাঁর পালিত বাবা কিংবা পুলিশ।
পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার দিবাগত রাতে কোনো একসময় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন জান্নাতুল। সকালে ডাকাডাকির পরও দরজা না খোলায় জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পালিত বাবা। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
জান্নাতুল চুয়াডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ছিলেন। খুব ছোট থাকতেই চুয়াডাঙ্গা জেলা পরিষদের বার্তাবাহক শরিফুল ইসলাম তাকে দত্তক নেন জান্নাতুলকে। এরপর নিজের মেয়ের মতো করেই তাকে লালন-পালন করেছেন বলে জানান শরিফুল।
শরিফুল ইসলাম বলেন, রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে উঠে মেয়েকে ডাকাডাকি করেও দরজা না খোলায় জানালা দিয়ে তাকিয়ে তাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হঠাৎ কেন মেয়ে এমন সিদ্ধান্ত নিল, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না।
জান্নাতুল কোনো সম্পর্কে জড়িয়েছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, এ ধরনের কোনো কথা মেয়ে কখনো তাকে জানায়নি। তার নিজের কোনো সন্তান না থাকায় ছোট বেলায় জান্নাতুলকে দত্তক নিয়েছিলেন। মেয়েটিই ছিল তার সবকিছু। জান্নাতুলের প্রকৃত বাবা-মাও দাফনের সময় এসেছিলেন।
সহপাঠীদের পক্ষ থেকে হত্যার অভিযোগ এবং ময়নাতদন্ত না হওয়ার বিষয়ে জানতে চাইলে শরিফুল বলেন, মেয়ের সব শিক্ষাগত ও অন্যান্য নথিপত্রে বাবার জায়গায় তার নাম রয়েছে। জান্নাতুলের মাথায় আঘাতের চিহ্ন দেখে হয়তো সহপাঠীরা এমন সন্দেহ করছেন। তার ভাষ্য, প্রায় দুই মাস আগে বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল জান্নাতুল। ওই সময় ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়েছিল। এর প্রায় এক মাস পর ভ্যানে ওড়না পেচিয়ে গলাতেও আঘাত পেয়েছিল সে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লেগেছিল। এসব ঘটনায় চিকিৎসা নেওয়া হয়েছিল এবং চিকিৎসার কাগজপত্র তার কাছে রয়েছে বলে জানান শরিফুল। তার দাবি, আগের আঘাতের চিহ্ন এখনো কিছুটা দৃশ্যমান থাকায় সহপাঠীরা সেগুলো দেখে অন্য কিছু ভেবে থাকতে পারে।
কাদতে কাদতে মেয়ের পড়াশোনা ও কাজের বিষয়ে শরিফুল বলেন, কয়েক মাস আগে জান্নাতুল হোস্টেল বা মেসে থেকে পড়াশোনা করার কথা জানিয়েছিল। পরে তাকে সেখানে পাঠানোর প্রায় ১৫ দিন পর জানতে পারেন, সে সুপার সপ বিগ বাজারে চাকরি করছে। বিষয়টি জানার দিনই তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। তিনি মেয়েকে বলেছিলেন, টাকার প্রয়োজন হলে তিনি দেবেন, চাকরি করার দরকার নেই। তবে জান্নাতুল পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা থেকেই চাকরিটি করেছিল বলে জানিয়েছিল। মেয়েকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন বলেও জানান শরিফুল।
এদিকে, জান্নাতুলের মৃত্যুর পর তার সহপাঠীরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মরদেহ দেখতে গেলে পরিবারের সদস্যরা তাদের সঙ্গে রহস্যজনক আচরণ করেন। পরে দ্রুত মরদেহ নিয়ে যাওয়া হয়।
সোমবার (১৬) নভেম্বর চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসক বরাবর দেওয়া লিখিত আবেদনে জান্নাতুলকে মেধাবী ও সচেতন ছাত্রী হিসেবে বর্ণনা করে সহপাঠীরা দাবি করেন, তাদের জানামতে তার পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহের কথা জানিয়ে তারা মরদেহ উত্তোলন করে তদন্তের আবেদন করেন। একই সঙ্গে মৃত্যুর রহস্য নিরপেক্ষভাবে উদ্ঘাটনের দাবি জানান।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং সন্দেহজনক কিছু নজরে আসেনি। প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে। প্রশাসনের অনুমতি ছাড়ায় বিনা ময়নাতদন্তে দাফনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের একটি ধারা আছে, এই ধারা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শিক্ষার্থীরা তার কাছে এসেছিলেন। অপমৃত্যুর মামলায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের সুযোগ নেই। বিষয়টি কীভাবে ঘটল, তা জানার চেষ্টা করা হচ্ছে। দাফনের আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সেই অনুমতি না নিয়েই তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে তিনি পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জানতে চেয়েছেন। পাশাপাশি জান্নাতুলের সহপাঠীদের পুলিশ সুপার ও ওসির কাছে লিখিত অভিযোগ দিতে বলেছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















