চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে জহুরুল ইসলাম নামের বাক প্রতিবন্ধী এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিন হাসপাতালপাড়ার মৃত. মাদার বক্সের ছেলে। তিনি কথা বলতে পারেন না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
আহত জহুরুল ইসলামের বড় ভাই মনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ছোট ভাইয়ের ছেলে ফোন দেয় আমাকে। আমি হাসপাতালের মধ্যে এসেই দেখি আমার ভাইকে কোপাচ্ছে। আমি বলি আমি ওর বড় ভাই, কোপ মারিস না। তারপরও তিনটা কোপ মেরেছে।

তিনি আরও বলেন, আমার ছোট ভাই বাক প্রতিবন্ধী। কথা বলতে পারেনা। আমি যতটুকু জানতে পেরেছি দুজনের মধ্যে কোন টাকা নিয়ে বিরোধ হয়েছিল। তাই বলে একজন বাক প্রতিবন্ধীকে কোপাবে?
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, তার শরীরে দুইস্থানে জখমের চিহৃ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদূর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























