চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাবু (৪৩) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে হেলথ-এইডের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বাবু চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বাবুকে হাসপাতাল সড়কের হেলথ-এইডের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, বাবু পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। ঘটনার সময় তিনি অসুস্থ হয়ে সড়কে লুটিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাসপাতাল সড়কে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, চিকিৎসকের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি স্বাভাবিক মৃত্যুর বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 





















