চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনের ধাক্কায় সবদুল শেখ (৪৬) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে দর্শনা হল্ট স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবদুল শেখ দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতভর ভ্যান চালিয়ে কাজ শেষে শুক্রবার ভোরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সবদুল শেখ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি ভ্যানচালক ছিলেন। সারারাত কাজ শেষে ক্লান্ত অবস্থায় ভোরে বাড়ি ফিরছিলেন। হয়তো ঘুমের ভাব ছিল। এ সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মাথা ও পায়ে মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।’
তিনি আরও বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের ভিত্তিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
অকালে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে নিহতের পরিবার। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























