চুয়াডাঙ্গা শহরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তিন যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে শহরের ভিক্টোরিয়া জুবিলী মাধ্যমিক বিদ্যালয়ের (ভিজে স্কুল) অদূরে একটি গলিতে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, শহরের বড়বাজার পাড়ার সুমন হোসেনের ছেলে প্রিন্স (১৮) শেখপাড়ার উত্তমের ছেলে অমিত (১৬) মাঝের পাড়ার ওমর আলীর ছেলে তন্ময় (২০)।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান জেসি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, তিনজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। তাদের মধ্যে প্রিন্সের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। অমিতকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তন্ময় প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
ভিজে স্কুলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, স্কুলের সামনে দাঁড়ানো নিয়ে বন্ধুদের মধ্যে ঝামেলা থেকে প্রথমে মারধরের ঘটনা ঘটে। পরে সেই বিষয়ে প্রিন্স কথা বলায় তাকে ডেকে এনে কুপিয়ে জখম করা হয় বলে জেনেছি। এই নিয়েই ঘটনার সুত্রপাত বলে জানা এই শিক্ষার্থী।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালিদুর রহমান বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























