চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নাঈম হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) আনুমানিক রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তিনি মকবুল হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি বেগমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে।
পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে যদুপুর গ্রামের বাড়ির একটি কক্ষে বিদ্যুতের তার সরানোর কাজ করছিলেন নাঈম হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসিব জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোজ নেওয়া হবে।
এএইচ
জীবননগর অফিস 





















