চুয়াডাঙ্গায় ট্রেন থেকে অচেতন অবস্থায় শ্যামল কুমার দাস (৭২) নামের এক বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন রেলওয়ে ফাড়ি পুলিশের সদস্যরা। মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষন পরই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তবে চিকিৎসকের ধারণা, বৃদ্ধ শ্যামল অজ্ঞানপার্টির সদস্যদের খপ্পরে পড়তে পারেন। অতিরিক্ত চেতনাশক জাতীয় ওষুধ সেবনের ফলে বৃদ্ধের মৃত্যু হতে পারে।
আজ বুধবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন (সিআইডি) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করেন।
শ্যামল কুমার দাস সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খোকশাবাড়ী গ্রামের শ্রী অনন্ত চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় ধোপার কাজ করতেন এবং এনায়েতপুর বাজারে লন্ড্রির দোকান ছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরা অচেতন অবস্থায় এই অজ্ঞাত বৃদ্ধকে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ির পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধটির গায়ে ক্রিম কালারের ফতুয়া এবং ঘিয়ে কালারের চেক লুঙ্গী রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাতে রেলওয়ে পুলিশের সদস্যরা অজ্ঞাত এক বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শুরুর কিছুক্ষন পরই তিনি মারা যান। অতিরিক্ত চেতনাশক জাতীয় ওষুধ সেবনের ফলে তার মৃত্যু হতে পারে। ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞাতপার্টির খপ্পরে পড়েছিলেন।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বৃদ্ধের পরিচয় সনাক্ত করে সিআইডি পুলিশ। পরিবারকে খবর দেয়ার জন্য এনায়েতপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















