চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতে অসুস্থ রোগী ও স্বজনদের বহনকারী একটি পাখিভ্যানের গতিরোধ করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৫-৬ জন মুখোশধারী দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় পাখিভ্যানের চালককে মারধর এবং ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আমানখালী-ভালাইপুর সড়কের খাদিমপুর মোড়ের অদূরে একটি মেহগনি বাগানের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গাংনী গ্রামের শাহাবুল ইসলাম জানান, অসুস্থ মাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় তিনি তার মা, ভাবি ও ভাবির মাকে সঙ্গে নিয়ে পাখিভ্যানে করে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন।
শাহাবুল ইসলামের ভাষ্য অনুযায়ী, পাখিভ্যানটি আমানখালী-ভালাইপুর সড়কের খাদিমপুর মোড় অতিক্রম করে মেহগনি বাগানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা সড়কের ওপর বাঁশ ফেলে ভ্যানটির পথরোধ করে। মুহূর্তের মধ্যে ৫-৬ জন মুখোশধারী ব্যক্তি তাদের ঘিরে ফেলে।
তিনি অভিযোগ করেন, প্রথমে দুর্বৃত্তরা পাখিভ্যানের চালক আব্দুর রহিমকে মারধর করে। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা নগদ ৯ হাজার টাকা এবং এক জোড়া সোনার কানের দুল নিয়ে যায়। হামলাকারীদের প্রত্যেকের মুখ বাঁধা ছিল বলেও দাবি করেন তিনি।
লুটপাট শেষে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে শাহাবুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ভালাইপুর মোড়ে গিয়ে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ঘটনাটি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আমানখালী-ভালাইপুর সড়কে রাতের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে রাতে পুলিশের টহল জোরদারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। অভিযোগ দায়ের হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র – দৈনিক আজকের খাসখবর ও দৈনিক মাথাভাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 





















