পরীক্ষার আগের রাতে ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নপত্রেই পরদিন পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুনিয়া-চাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার বিরুদ্ধে। সপ্তম শ্রেণির বাংলা প্রথম পত্রের বার্ষিক পরীক্ষাকে ঘিরে এ ঘটনা প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
মাদরাসাটির পরীক্ষা শুরু হয় গত ১৯ নভেম্বর। নির্ধারিত সূচি অনুযায়ী, গত মঙ্গলবার সপ্তম শ্রেণির বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ রয়েছে, পরীক্ষার আগের দিন সোমবার রাত আনুমানিক ৮টার দিকে একটি ইউটিউব চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করা হয়। পরদিন শিক্ষার্থীদের ঠিক একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় বলে জানা গেছে।
চুয়াডাঙ্গার আঞ্চলিক শীর্ষ দৈনিক মাথাভাঙ্গার প্রিন্ট ও অনলাইন সংস্করে এই সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।
শীর্ষ এই দৈনিকের প্রতিবেদনে বলা হয়, প্রশ্নপত্রটি আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় মাদরাসার প্রশ্নপত্রের গোপনীয়তা ও পরীক্ষা পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ জানিয়েছেন অভিভাবক ও সচেতন ব্যক্তিরা।
প্রশ্নপত্র তৈরি নিয়ে মাদরাসার বাংলা বিভাগের সহকারী শিক্ষক মো. রেফাউল আলম বলেন, চলতি বছর প্রতিষ্ঠান থেকেই প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী গত ৫ নভেম্বর তিনি একটি প্রশ্নপত্র তৈরি করে ভারপ্রাপ্ত সুপারের কাছে জমা দেন। তবে পরীক্ষায় ব্যবহৃত প্রশ্নপত্রটি তাঁর তৈরি করা নয় বলে দাবি করেন তিনি।
অন্যদিকে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, আলোচনায় আসা প্রশ্নপত্রটি তাঁরা একটি কোম্পানির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তাঁর ধারণা, অন্য কোনো জেলা থেকে কোনো ইউটিউবার প্রশ্নটি প্রকাশ করে থাকতে পারেন। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘটনার বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। এ বিষয়ে স্কুল পরিদর্শক মো. আনোয়ার হোসেনকে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী পরীক্ষাগুলো যেন কোনো বিতর্কের জন্ম না দেয়, সে বিষয়ে মাদরাসার সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র – দৈনিক মাথাভাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















