ব্যাংক ঋণ নেওয়ার উদ্দেশ্যে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে বন্ধকী ও পাওয়ার দলিল নিবন্ধন করতে গিয়ে কথিত জাল দলিল উপস্থাপনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে জাল দলিল, জাতীয় পরিচয়পত্র ও ডিজিটাল সিল জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি রাশেদুল ইসলাম (৪২)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সিএনবি পাড়ার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রেজাউল হকের ছেলে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক ঋণ গ্রহণের জন্য রাশেদুল ইসলাম ১৫ পৃষ্ঠার একটি সার্টিফাইড দলিল নিবন্ধনের কাজে অফিসে জমা দেন। দলিলটি যাচাই করতে গিয়ে সাব-রেজিস্ট্রার এস এম হাবিবুল্লাহ তাতে ব্যবহৃত সিলমোহরগুলো জাল বলে শনাক্ত করেন। সিলের ওপর থাকা স্বাক্ষরটিও তাঁর নিজের নয় বলে নিশ্চিত হন তিনি।
দলিলের সত্যতা নিয়ে সন্দেহ দেখা দিলে সাব-রেজিস্ট্রার পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে আলমডাঙ্গা থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে পৌঁছে রাশেদুল ইসলামকে হেফাজতে নেন। এ সময় তাঁর কাছ থেকে ১৫ পৃষ্ঠার কথিত জাল দলিল, তিনটি জাতীয় পরিচয়পত্র ও একটি ডিজিটাল সিল উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ১৮ নভেম্বর আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার রাশেদুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এএইচ
আলমডাঙ্গা অফিস 


















