চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে হেরোইন একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোনসহ মো. আহাদ আলী (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হেরোইনের ওজন ১৪ গ্রাম। তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী গাংপাড়া এলাকা থেকে আহাদ আলীকে আটক করেন পুলিশের একটি দল।
এ সময় তাঁর হেফাজত থেকে ৫২ পুরিয়া হেরোইন, মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়। মুঠোফোন দুটির একটি স্যামসাং স্মার্টফোন এবং অন্যটি আইটেল ব্র্যান্ডের বাটন ফোন।
আহাদ আলী আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার. কাদের শেখের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় আহাদ আলীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একই থানায় আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে।
এএইচ/বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক 


















