অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছিলেন বিপ্লব হোসেন সাগর (২০)। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র পাওয়ার আগেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাচানো যায়নি এই শিক্ষার্থীকে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপ্লব হোসেন সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের ঈদগাপাড়ার হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরীক্ষা কেন্দ্রে কী ঘটেছিল, তা জানিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে হলে প্রবেশ করেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কলেজের ভেতরে থাকা একটি ভ্যানে করে একজনকে সঙ্গে দিয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ সময় সাগরের দেওয়া অভিভাবকের ফোন নম্বরেও যোগাযোগ করা হয়। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রে যান চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন। তিনি জানান, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে তাকে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌছে তিনি কলেজের অধ্যক্ষ ও বিভাগের প্রধান শফিকুল ইসলামকে অবহিত করেন। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে তিনি সদর হাসপাতালে পৌছান। পরে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি কলেজ পরিবারকে জানানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন ঢাকা পোস্টকে বলেন, সাগরকে জরুরি বিভাগে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। যেহেতু মৃত অবস্থায় শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে, এ জন্য মৃত্যুর প্রাথমিক কারণ সম্পর্কে বলা সম্ভব নয় বলে জানান এই চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















