চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তাদের বাস্তবভিত্তিক জ্ঞান ও উদ্যোক্তা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের মালোপাড়ায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সম্প্রতি প্রকল্পের আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা জেলার পাঁচটি ভিন্ন প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শনে অংশ নেন। এসব প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া, বাজার ব্যবস্থাপনা, গ্রাহক চাহিদা ও টেকসই ব্যবসায়িক কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পর সেই শেখা বিষয়গুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করতেই এই সভার আয়োজন করা হয়।
সভায় উদ্যোক্তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, বাস্তব পর্যায়ের জ্ঞান তাদের ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান, প্রকল্প উপদেষ্টা আব্দুস শুকুর, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিউজ্জামান শফি এবং মিগদাদ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী শামিউল ইসলাম মিগদাদ। তারা তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার গুরুত্ব তুলে ধরেন।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প’ বর্তমানে চুয়াডাঙ্গা জেলা ও ঝিনাইদহ সদর উপজেলায় সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য তরুণদের পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসায় উদ্বুদ্ধ করা এবং উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি করা।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী শরিফুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা কানিজ সুলতানা, মাহবুব আবীর, জিল্লুর রাজা, সহায়কবৃন্দ এবং নির্বাচিত তরুণ উদ্যোক্তারা।
জামান আখতার/এএইচ
বিশেষ প্রতিবেদক 






















