চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এলমা খাতুন চাঁদনি (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই ইজিবাইকের আরও একজন যাত্রী আহত হয়েছেন।
নিহত এলমা খাতুন আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে। অসুস্থ দাদিকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসার পথে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক শাহাবুদ্দিন জানান, রাস্তায় একটি ইজিবাইক উল্টে পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে মানুষ জড়ো হয়, আমরা উদ্ধার কাজ শুরু করি। শিশুটি গুরুতর ছিল। চলন্ত একজনের মোটরসাইকেল থামিয়ে দ্রুত হাসপাতালে পাঠাই শিশুটিকে। পরে হাসপাতালে এসে শুনি শিশুটি মারা গেছে।
আহত যাত্রী জ্যোতি খাতুন (২৫) বলেন, আমরা ৭–৮ জন ইজিবাইকে আসছিলাম। বোয়ালমারী পৌঁছাতেই বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক আসে। তাকে সাইড দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিমুজ্জামান জানান, দুইজনকে দুর্ঘটনার রোগী হিসেবে আনা হয়। শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত নারীকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























