রাজধানীর উত্তরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতা মোহাম্মদ সোহাগ জোয়ার্দার (৪১)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের বটতলা পাড়ার বাসিন্দা আব্দুল মান্নান সর্দারের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (৫ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি দল উত্তরা ১০ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে ১০ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ২৩ নম্বর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোহাগ জোয়ার্দার ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোহাগ জোয়ার্দারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় তিনটি এবং উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। মামলাগুলোতে প্রতারণা, মারধর, নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগ রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর জানান, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা সোহাগ জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















