বাউল সম্রাট ফকির লালন শাহের প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর মার্চে কুষ্টিয়ার লালন মাজার চত্ত্বরে সাধুসঙ্গ ও লালন স্মরণ উৎসবের আয়োজন করা হয়। লালন একাডেমির ব্যবস্থাপনায় প্রতি বছর তিন দিনব্যপী এই উৎসবের আয়োজন হয়ে থাকে। গত বছর পবিত্র সব-ই বরাতের কারণে ১ দিন এগিয়ে ৪, ৫, ও ৬ মার্চ লালন স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছিল।
এ বছর দোল পূর্ণিমা পবিত্র রমজান মাসে হওয়ায় লালন স্মরণোৎসব-২৪ এর আয়োজন সংক্ষিপ্ত করে ২৪ মার্চ একদিন করা হয়েছে। থাকছেনা সাধু সঙ্গ ও গানের আয়োজন।
আগামী ২৪ মার্চ বিকাল ৩ টায় মাজার প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত ২০ মার্চ কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এদিন লালন একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
প্রধান আলোচক হিসাবে ফকির লালন শাহের জীবন ও কর্ম নিয়ে আলোচনা রাখবেন বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট লালিম হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুর রউফ, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
বিএ/এএইচ
প্রতিবেদক, মিরপুর (কুষ্টিয়া) 

























