চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকায় প্রকাশিত দৈনিক মানবজমিন ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকার ধোলাইখালে চাচার বাসা থেকে নিজ কর্মস্থল জীবননগরে ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে কোনো কারণে তারা তা নিতে ব্যর্থ হলে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে তিনি ঢাকার মাজার রোড এলাকায় পৌঁছানোর পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় এক ব্যবসায়ী তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ কল রেকর্ড দেখে মারফতের মাধ্যমে যোগাযোগ করেন। মারফত বিষয়টি তার বড় ভাই আলমকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
পরবর্তীতে হুমায়ুন কবিরকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার ভাই আলম রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং আজ সকালে হাসপাতালে পৌঁছান।
আলম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় অবস্থানরত সাংবাদিক শফিকুল ইসলামসহ আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করি। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি। তবে তার হাতে ইনজেকশনের চিহ্ন পাওয়া গেছে এবং এখনো তার জ্ঞান ফেরেনি।
এ ঘটনায় জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঢাকায় সক্রিয় অজ্ঞান পার্টির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এএইচ
জীবননগর অফিস 





















