চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিক ও তার পরিবারের সদস্যদের বহনকারী একটি প্রাইভেটকারে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর সাংগঠনিকভাবে করণীয় নির্ধারণে জরুরি সভা ডেকেছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় এলাকার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির অদূরে এ হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

হুসাইন মালিক বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বেতার, দীপ্ত টেলিভিশন ও জাতীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া চুয়াডাঙ্গার স্থানীয় জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রেডিও চুয়াডাঙ্গার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

ঘটনার বর্ণনায় সাংবাদিক হুসাইন মালিকের বড় ভাই সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক জানান, ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তারা প্রাইভেটকারে আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় আত্মীয়দের নামিয়ে দুইভাই ফেরার পথে দৌলতদিয়াড় এলাকায় বঙ্গজ লিমিটেডের কিছুটা আগে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা গাড়ি লক্ষ্য করে কোনো লোহার বস্তু বা বড় হাতুড়ি দিয়ে আকস্মিক আঘাত করে। এতে গাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর হয়।

হাসান মালিক বলেন, ঘটনার সময় গাড়ির গতি ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার ছিল। সড়কটিতে তার নিয়মিত চলাচল না থাকায় হামলার লক্ষ্য তিনি ছিলেন বলে মনে করেন না। তার ধারণা, সাংবাদিক হুসাইন মালিককে উদ্দেশ্য করেই হামলাটি হয়ে থাকতে পারে। গাড়ির জানালা বন্ধ থাকায় আঘাতের বিকট শব্দ শুনে প্রথমে গুলির ঘটনা বলে মনে করেছিলেন তারা। পরে ধারণা করেন, লোহার কোনো বস্তু কিংবা বড় হাতুড়ি দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে।

তিনি আরও জানান, হামলার পর গাড়ি না থামিয়ে সরাসরি সদর থানায় চলে যান তারা। ঘটনাস্থল ও আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলে সেগুলোর ফুটেজ পর্যালোচনায় হামলার পুরো ঘটনা শনাক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, সাংবাদিকের গাড়িতে হামলার বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় হুসাইন মালিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

এদিকে, ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে সাংগঠনিকভাবে করণীয় নির্ধারণে জরুরি সভা ডেকেছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব। এ বিষয়ে সাংগঠনিকভাবে করণীয় নির্ধারণ করতে শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাবের মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















