চুয়াডাঙ্গার দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা এলাকায় গ্যাস ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের মান ও মূল্য তদারকিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে পণ্যের যথাযথ তথ্য না থাকা এবং মানহীন পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে দামুড়হুদা বাজারের মো. মোফাজ্জেল হোসেনের মেসার্স টুকিটাকি স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ বা শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং দামুড়হুদা থানা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজারে পণ্যের মান, মূল্য ও সংরক্ষণব্যবস্থা নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি ও সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

















