চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পরে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, শহিদুল ইসলাম মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত ছিলেন। মাদকের চালান নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে ধারণা স্থানীয়দের।
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই যুবক সীমান্তের শূন্য রেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে বিএসএফের দুই সদস্য তাকে ধাওয়া দিলে উভয়ের মাঝে মারামারির ঘটনা ঘটে। এ সময় বিএসএফ গুলি চালালে শহিদুল ইসলাম নিহত হন। পরে বিএসএফ মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
সুত্র : ঢাকা পোস্ট
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























