চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পালান আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু্র অভিযোগ উটেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পালান আলী ওই এলাকার মৃত ছইরুদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দপুর তামালতলা এলাকায় প্রায় বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে পালান আলীর পরিবারের সঙ্গে একই এলাকার ইদবার আলীর পরিবারের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওই জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বাঁশের আঘাতে পালান আলী গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রতন আলী জানান, ইদবার আলীর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে আমার বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে তারা। আহত অবস্থায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বানী ইসরাইল বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন বৃদ্ধ মারা গেছে বলে জেনেছি। মারধরে নাকি স্টোকে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 





















