চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (০৯ মে) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৮ ঘন্টা জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলো সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে। তবে ওজোপাডিকোর আওতাধীন এলাকায় বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, চুয়াডাঙ্গা গ্রিডের আওতাধীন মেহেরপুর, চুয়াডাঙ্গা-১, চুয়াডাঙ্গা-২, আলমডাঙ্গা-১, আলমডাঙ্গা-২, জীবননগর ও দর্শনা ৩৩ কেভি গ্রিড বাসবারে জরুরি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণমূলক কাজ পরিচালনা করা হবে। এ কাজের স্বার্থে আগামীকাল শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারসমূহে শাটডাউন কার্যকর থাকবে। নির্ধারিত সময় শেষে ফিডারগুলো পুনরায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ গ্রহণ করবে।
ওজোপাডিকোর চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শনিবার (৯ মে) জাফরপুর গ্রিডের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলাজুড়ে পল্লী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ওজোপাডিকোর আওতাধীন এলাকাগুলোতে কুষ্টিয়ার গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে। যদিও বিকল্প লাইনের সীমিত ধারণক্ষমতার কারণে ঘন ঘন লোডশেডিং হতে পারে। এছাড়া বিকল্প সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ত্রুটি দেখা দিলে পুরো জেলাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
অপরদিকে, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমাদের আওতাধীন সকল এলাকায় শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় জেলার সকল পল্লী বিদ্যুৎ গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কাজ দ্রুত সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে আগেভাগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। তবে প্রয়োজনবোধে নির্ধারিত সময়ের পরেও কাজ চলমান থাকতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















