চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজন করা হয় একটি দোয়া মাহফিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় রুইতনপুর বাজার মোড়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে ইউনিয়নজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি দৃষ্টি কাড়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।

বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তির নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীন মত প্রকাশ, আইনের শাসন ও মানুষের অধিকারের প্রতীক। দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেত্রী আজ অসুস্থ, কিন্তু তার সুস্থতার জন্য দেশজুড়ে যে দোয়া ও মমতা আমরা দেখছি—এটাই তার প্রতি জনগণের ভালোবাসার প্রকৃত প্রমাণ।”
তিনি বলেন, চিৎলা ইউনিয়নের এই দোয়া মাহফিল রাজনৈতিক কর্মসূচি নয়; বরং মানবিক দায়িত্ব ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। “আমাদের নেত্রী আজ অসুস্থ—এই সময়ে তার পাশে দাঁড়ানো, তার সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের দোয়ার শক্তিতে আল্লাহ তাকে শিগগিরই সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন বলে বিশ্বাস করি।”
শরীফুজ্জামান শরীফ তার বক্তব্যে দলের নেতা–কর্মীদের সংগঠিত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে ঐক্যের বিকল্প নেই। প্রত্যেক কর্মীর আচরণই দলের পরিচয় বহন করে। বিভেদ ভুলে দলকে এগিয়ে নিতে হবে।” তিনি আরও বলেন, “চুয়াডাঙ্গা-১ আসনের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবারও গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে তারা ঐক্যবদ্ধ থাকবে। দেশের প্রতিটি ঘরে এখন পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট।”
তিনি উপস্থিত নেতা–কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ত্যাগ ও শ্রম বিএনপির সবচেয়ে বড় শক্তি। “আপনাদের প্রচেষ্টা, মানুষের প্রতি আপনাদের আন্তরিকতা—সবই আজকের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করেছে।”

উন্নয়ন ও ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কারও বিরুদ্ধে বিদ্বেষ চাই না। চাই ন্যায়বিচার, চাই জনগণের ভোটাধিকার। এই দেশ সবার—এটি রক্ষার দায়িত্বও সবার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, বৃহত্তর খাদিমপুর বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম টোকন, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিন্টু এবং খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস।
অনুষ্ঠান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য ও চিৎলা ইউপি সদস্য মিরাজুল ইসলাম বেল্টু। দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি মোজ্জামেল হোসেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















