“আমাদের শক্তি, আমাদের গ্রহ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব ধরিত্রী দিবস পালন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ছিল আলোচনা সভা ও মতবিনিময়।
বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাঈম ইসলাম এবং বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল খায়ের আতা এলাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও প্রাণিবিদ্যার প্রভাষক মো. আহসান হাবীব শিপলু। সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মো. রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর পরিবেশ ধ্বংসের জন্য মূলত মানুষই দায়ী। মানুষের অতিরিক্ত চাহিদা ও অপরিকল্পিত ব্যবহারের ফলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। তারা উল্লেখ করেন, জলাভূমি—যাকে পৃথিবীর “কিডনি” বলা হয়—তার প্রায় ৬৪ শতাংশই ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। জেলার নদী-নালা ও আশপাশের বাস্তুতন্ত্রও হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও বলেন, এখনই সচেতন না হলে পরিবেশ বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি মোহাম্মদ রুহুল কবির খান বলেন, “পৃথিবী সৃষ্টির অনেক পরে আমরা এর গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছি। ততদিনে আমরা অনেক ক্ষতি করে ফেলেছি। এখন সময় এসেছে সবাইকে নিয়ে আমাদের পরিবেশ রক্ষা করার।” তিনি বাড়িতে জৈব বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাসাবাড়িতে গর্ত করে বর্জ্য সংরক্ষণ করলে তা পরিবেশ রক্ষার পাশাপাশি জৈব সার হিসেবেও ব্যবহার করা সম্ভব।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব শিপলু বলেন, চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহারও উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি সবার প্রতি আহ্বান জানান, বাজারে যাওয়ার সময় নিজস্ব ব্যাগ ব্যবহার করতে, যাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো যায়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জিসান শেখ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পিয়াস, রিয়াদ, সাব্বির, ফারদিন, সিফাত, স্বপনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বের ১৯৩টি দেশে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়, যার মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করা।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























