চুয়াডাঙ্গার জাফরপুর এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় একটি যাত্রীবাহী পাখি ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এতে ভ্যানচালক ও এক যাত্রী গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জাফরপুর যুব উন্নয়ন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি গ্রামের নায়েব আলীর ছেলে সবুজ (৩০) এবং ফার্মপাড়ার মৃত আতিয়ার রহমানের ছেলে কালু (৩২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ভ্যানচালক সবুজ যাত্রী নিয়ে চার মাইলের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। বাসের বাম্পারের আঘাতে ভ্যানটি সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় সবুজের মাথা ফেটে যায়, যেখানে প্রায় ১০টি সেলাই লেগেছে, পাশাপাশি তার একটি পা ভেঙে যায়। অন্যদিকে যাত্রী কালুর বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখা যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, কালুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পূর্বাশা পরিবহনের মালিক পক্ষের প্রতিনিধিরা হাসপাতালে ছুটে আসেন। তারা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেন। মালিক পক্ষ জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেয়া হবে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 

























