চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ একাডেমি মোড় রেলওভারপাস নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। কাজের গতি থেমে যাওয়ার পাশাপাশি বিকল্প সড়কের বেহাল দশা প্রতিদিনের চলাচলকে দুর্বিষহ করে তুলেছে।
এ পরিস্থিতিতে আজ রোববার (২৪ নভেম্বর) সকালে উন্নয়ন ও দ্রুত সমাধানের দাবিতে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণঅধিকার পরিষদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান।
তিনি বলেন, একাডেমি মোড় ওভারপাস জেলা সদরসহ পার্শ্ববর্তী এলাকার যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে নির্মাণস্থলে কার্যত কোনো অগ্রগতি না থাকায় সড়কটি এখন দুর্ভোগের অন্য নাম হয়ে দাঁড়িয়েছে। বিকল্প পথ কাদা, ধুলা ও খানা-খন্দকে পরিণত হওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাদানকারী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।
স্মারকলিপিতে নেতারা উল্লেখ করেন, ওভারপাসের কাজ দ্রুত পুনরায় শুরু করে অতি শীঘ্র সমাপ্ত করা এবং কাজ চলমান থাকা অবস্থায় বিকল্প সড়ক ব্যাবহারযোগ্য রাখতে জরুরি ভিত্তিতে মেরামত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে নির্মাণস্থলে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার অনুরোধ জানান তাঁরা।
নেতারা বলেন, একাডেমি মোড়ের সড়ক ও ওভারপাসের বর্তমান অবস্থা চুয়াডাঙ্গা শহরের অন্যতম বড় জনদুর্ভোগে পরিণত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শীত মৌসুমে ধুলায় ও বর্ষায় কাদাজনিত সমস্যায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব ইবনুর রশিদ মাসুক, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিয়াদ হাসান এবং যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















