চুয়াডাঙ্গার জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘রেডিও চুয়াডাঙ্গা’ -এর নতুন পরিচালনা ও নীতিনির্ধারক প্যানেল গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জেলায় দ্রুত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা আরও শক্তিশালী করতে এবং প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সামগ্রিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন এই প্যানেল গঠন করা হয়।
শুক্রবার (২৭ জুন) রাতে চুয়াডাঙ্গা শহরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিষ্ঠানটির প্রকাশক আফজালুল হকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন পরিচালনা ও নীতিনির্ধারণী প্যানেল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রকাশক আফজালুল হক স্থানীয় দৈনিক মাথাভাঙা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
প্যানেলে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হুসাইন মালিক। তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো নিউজ’, ‘দীপ্ত টিভি’ এবং ‘বাংলাদেশ বেতার’-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
নতুন এই প্যানেলে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ আলেম সাংবাদিক এস এম সাইফুল ইসলাম। তিনি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফেস দ্য পিপল’-এর স্টাফ রিপোর্টার এবং ‘ইনসাফ ২৪’-এর সাবেক নিউজরুম এডিটর। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। এস এম সাইফুল ইসলাম বর্তমানে চুয়াডাঙ্গা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক এবং ফিলিস্তিন ওলামা পরিষদ কর্তৃক পরিচালিত ইন্তিফাদা ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জোনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বৈঠক শেষে নতুন নীতিনির্ধারক প্যানেলের সদস্যরা জানান, রেডিও চুয়াডাঙ্গাকে আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা, সমস্যা এবং বিভিন্ন অনিয়ম-অসঙ্গতি সাহসিকতার সঙ্গে তুলে ধরতে দক্ষ ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী টিম কাজ করবে।
এ সময় তারা আরও জানান, রেডিও চুয়াডাঙ্গার সংবাদযাত্রাকে আরও বেগবান করতে খুব শিগগিরই জেলার আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ও পেশাদার সংবাদকর্মী এই নীতিনির্ধারক প্যানেলে অন্তর্ভুক্ত হবেন। প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও শহর কেন্দ্রিক সংবাদকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার ধারা বজায় রাখতে রেডিও চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের পাঠক, শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিকসহ সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















