চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শিমুল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়েছে।
শিমুল দর্শনা পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের ভাতিজা এবং যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন।
তবে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু দাবি করেছেন, শিমুল যুবদলের কোনো সদস্য নন। তার কোনো কর্মকাণ্ডের দায় জেলা যুবদল নেবে না।
তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিমুল বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে বলে শুনেছি। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই।”
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি দল জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিমুল পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৪ ইঞ্চি লম্বা একটি দেশীয় চাপাতি জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শিমুল দীর্ঘদিন ধরে জড়িত। তার কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বলেও দাবি করেন তারা।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, অস্ত্রবাজ, চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, শিমুলের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুত্র – দৈনিক মাথাভাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















