মেহেরপুরের বাজিতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণেরবার সহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক দুজন হলেন, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত. আওল হোসেলের ছেলে মো. আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানাধীন সাহাপুর গ্রামের মিরাজুর শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে স্বর্ণ পাচার হবে এমন সংবাদ পায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে একটি সশস্ত্র চৌকস আভিযানিক দল সীমান্ত পিলার ১১৭/৬-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে ওৎ পেতে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে ভারতীয় সীমান্তের দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করে বিজিবি।
তল্লাশির সময় তাদের বহন করা ঘাসের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকানো সাদা স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটদুটি খুলে মোট ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা বলে জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. শাজাহান সিরাজ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। আটক আসামিদের থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















