চুয়াডাঙ্গা-১ (সদর–আলমডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী প্রচারণা ব্যস্ততা তুঙ্গে উঠলেও, সাংগঠনিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধে অবিচল থেকে অসুস্থ কর্মীর খোজ নিলেন জেলা বিএনপির সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে তিনি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ছুটে যান স্থানীয় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর আলীর খোঁজ নিতে, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী।
দলীয় নেতা ও প্রার্থীর এমন হঠাৎ আগমন মনসুর আলী ও তার পরিবারকে আবেগাপ্লুত করে তোলে। উপস্থিত নেতা-কর্মীদের অনেকেই জানান, নির্বাচনী ব্যস্ততার মধ্যেও প্রার্থীর এই মানবিক আচরণ কর্মীদের মনে নতুন উদ্দীপনা ও আস্থা জাগিয়েছে।

অসুস্থ মনসুর আলীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, মনসুর আলী আমাদের দলের জন্য ও ধানের শীষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি পরিবারে কেউ একা নয়, এটাই আমাদের অঙ্গীকার। আজ মনসুর আলী অসুস্থ, তাই তাঁর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, কর্মীরাই আমাদের মূল শক্তি। এই ভালোবাসা ও ঐক্যের বন্ধন নিয়েই আমরা চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনব।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























