উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, অভিভাবক ও সুধী সমাবেশ-২০২৫।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয় রোভার স্কাউটস সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র নির্মাণের ভিত্তি। শিক্ষা জীবনে সততা, অধ্যবসায় ও নৈতিকতার কোনো বিকল্প নেই। মাদক, দুর্নীতি ও ভীতিকর পরিবেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত রাখতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করবে, কিন্তু তা যেন আসক্তিতে পরিণত না হয়।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস ও জ্ঞানের চর্চাই হোক আমাদের মূল লক্ষ্য। দুর্নীতি থাকলে তা শেকড় থেকে উৎপাটন করতে হবে। ব্যক্তিগত স্বার্থে কেউ যেন কলেজের পরিবেশ নষ্ট করতে না পারে— এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও জেলা মহিলা দলের সভানেত্রী রওফুন নাহার রিনা, সদস্য শারমিন সুলতানা শিলা, অভিভাবক সদস্য মকছেদুর রহমান মিল্টন ও মো. রানা মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো. কামরুজ্জামান, খসরুজ্জামান এবং আফরোজা সুলতানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
নবীনবরণ অনুষ্ঠানে তিনজন কৃতি শিক্ষার্থী— আমির হামজা, রনি আশরাফুজ্জামান ও সাব্বির হোসেন-কে সংবর্ধনা পদক প্রদান করা হয়, যারা গত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, অবসরপ্রাপ্ত শিক্ষক মালেকা রহমান, তাহেরুল ইসলাম, কোহিনুর রহমান টুনি প্রমুখ।
এছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, জাসাসসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মনিরুজ্জামান ও সাইদুর রহমান। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মিনাজ উদ্দিন এবং সুধী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেজাউল হক জোয়ার্দ্দার রেজা।
এর আগে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম।
নবীনবরণ অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























