চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি এলাকায় অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জেহালা ইউনিয়নের রোয়াকুলি গেটপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত লাটাহাম্বার ও মোটরসাইকেল হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত আব্দুল লতিফ উপজেলার রোয়াকুলি গ্রামের মোজাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে নিজ বাড়ি রোয়াকুলির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রোয়াকুলি গেটপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা পৌর এলাকার ফাতেমা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাটাহাম্বারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। পরে তাকে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত লাটাহাম্বা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 













