চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে শনিবার (২৭ ডিসেম্বর) তিনজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
শনিবার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব ও আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, এ পর্যন্ত চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাস, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে তিন দিন আগেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা আমির রুহুল আমীন। শনিবার একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে নিজ নিজ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।
সুত্র- জাগো নিউজ২৪
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























