নতুন বছরের প্রথম দিনটি উৎসব আর আনন্দের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি সামাজিক সংগঠন ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’। বরং কনকনে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনের মাঝে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করেছে সংগঠনটি। বছরের প্রথম দিনে উদযাপন করেছে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তীব্র শীতে কাঁপতে থাকা বয়োবৃদ্ধ ও দুস্থ মানুষের হাতে নতুন কম্বল ও শীতের কাপড় তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনে এই সহানুভূতির স্পর্শ পেয়ে অনেকের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’-এর সভাপতি আসলাম হোসেন। এ সময় তিনি বলেন, আমরা চাই বছরের শুরুটা হোক ত্যাগ ও মানবিকতার মধ্য দিয়ে। আমাদের এই ক্ষুদ্র উপহার যদি একজন শীতার্ত মানুষের কষ্ট লাঘব করে, তাতেই আমাদের সংগঠনের সার্থকতা।
তিনি আরও বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় শুধুমাত্র পায়ে চালিত রিকশা-ভ্যান চালক ও বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। তীব্র শীতে এই শ্রমজীবী ও অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায় আপনাদের সামান্য সহযোগিতাই পারে তাদের শীতের রাতগুলোকে উষ্ণ করে তুলতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ হাসান তুরাবী, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’ দীর্ঘদিন ধরে জেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সংগঠনটি ডিবেট ক্লাব, আইটি টিম, ব্লাড সেন্টার, রিসার্চ প্ল্যাটফর্ম এবং লিডারশিপ প্রোগ্রামসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানবতা, সচেতনতা ও নেতৃত্ব বিকাশে সংগঠনটির এই উদ্যোগগুলো স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























