“বিগত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তারা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। এখন সময় এসেছে পরিবর্তনের—সময় এসেছে ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার।”
এভাবেই নিজের বক্তব্যে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা–২ (দামুড়হুদা–জীবননগর) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাসানুজ্জামান সজীব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তিনি দামুড়হুদার উপজেলার হাউলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। ইসলামী মূল্যবোধ, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান স্থানীয় জনগণের প্রতি।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল কবির জিপসী, সেক্রেটারি হারুন অর রশীদ মিন্টু, ইউনিয়ন ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে ইসলামী রাজনীতির আদর্শ তুলে ধরেন হাসানুজ্জামান সজীব।
তিনি বলেন, “বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের নয়, নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এখন দেশের মানুষ পরিবর্তন চায়—একটি ন্যায়ভিত্তিক সমাজ চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই পরিবর্তনের রাজনীতি করছে, যা কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি গড়ে দেবে।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে হাতপাখায় ভোট দিয়ে ইসলামী শক্তিকে জয়ী করতে হবে। ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে এই গণজাগরণই দেশের মুক্তির পথ খুলে দেবে।”
স্থানীয় জনগণও হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “দেশে এখন এমন নেতৃত্ব দরকার যারা সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করবে।”
গণসংযোগ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখার বিজয়ের লক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























