আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টায় আলমডাঙ্গা পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে হাসিবুল হক লিপু সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে গিয়ে স্থানীয়দের হাতে তার ২১ দফা উন্নয়ন পরিকল্পনাসংবলিত লিফলেট তুলে দেন। স্থানীয়রা আগ্রহের সঙ্গে তার বক্তব্য শোনেন এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মতামত বিনিময় করেন।

গণসংযোগে হাসিবুল হক লিপু বলেন,
“আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নাগরিকবান্ধব আলমডাঙ্গা পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে।”
তিনি আরও বলেন, পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, সুপেয় পানির নিশ্চয়তা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন তিনি। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত পৌর প্রশাসন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রযুক্তিনির্ভর ও কার্যকর পৌর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন সম্ভাব্য এই মেয়র প্রার্থী।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় অনেকেই জানান, দীর্ঘদিন পর কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি মানুষের কাছে এসে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

হাসিবুল হক লিপু উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক এবং চ্যানেল ডি.ও নিউজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
এসময় উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল কাদের, খ. হাবিবুল করিম চঞ্চল, রাশেদুল ইসলাম, মঞ্জুরুল হক মঞ্জু, আলমগীর হোসেন, আবু সায়েম লিপু, আসাদুজ্জামান বাবু, আবির আনাম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কলেজ ছাত্রদল নেতা স্বপ্নীল আহমেদসহ যুবদল, ছাত্রদল, তরুণ প্রজন্ম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তার শুভাকাঙ্ক্ষীরা।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















