কনকনে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে মানবতার উষ্ণ স্পর্শ পৌঁছে দিতে চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রামগঞ্জ ও শহরের একাধিক স্থানে অসহায় পথচারী ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে অরাজনৈতিক ও মানবিক সংগঠন হিউম্যানিটি এন্ড ব্লাড ডোনেশন সোসাইটি, চুয়াডাঙ্গা।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতের কাপড় তুলে দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়, যা মানবিক সহায়তার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধেরও বার্তা দেয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান অ্যাডমিন ও মানবাধিকারকর্মী মো. মোরছালিন। এছাড়া অ্যাডমিন হিসেবে অংশ নেন জ্বিলহজ ইসলাম ও তাজ আহমেদ। মাঠপর্যায়ে মডারেটরের দায়িত্ব পালন করেন সোহান আহমেদ, ফিরোজ আহমেদ, জুনাইদ ইসলাম ও আইরিন সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১শে পদ্ম যুব উন্নয়ন সংস্থা, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মরিয়ম আক্তার এবং সদস্য সৈনিক মোহিবুল্লাহ হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন এসএমবিডিএস-এর সভাপতি জাহিদ হাসান।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অ্যাডমিন মো. মোরছালিন বলেন, হিউম্যানিটি এন্ড ব্লাড ডোনেশন সোসাইটি সব সময় অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে থাকতে বদ্ধপরিকর। বিনামূল্যে রক্তদান, খাদ্য সহায়তা ও বস্ত্র বিতরণসহ নানামুখী মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্য মানবিক দায়বদ্ধতা থেকেই কাজ করছে এবং সকল সদস্যের জন্য তিনি অসহায় মানুষের দোয়া কামনা করেন।

উল্লেখ্য, হিউম্যানিটি এন্ড ব্লাড ডোনেশন সোসাইটি, চুয়াডাঙ্গা দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানবতার সেবায় সক্রিয় রয়েছে। রক্তদান থেকে শুরু করে খাদ্য ও বস্ত্র সহায়তা—নানামুখী উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















