চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যই আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিই আমাদের আদর্শ।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কালীভান্ডারদহে ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামাপূজার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শরীফুজ্জামান শরীফ বলেন, আমরা কেবল প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা অঙ্গীকার করছি—দলমত ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হবে। অতীতে যারা সংখ্যালঘুদের ঘরবাড়ি, উপাসনালয় বা সম্পত্তির ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। ধানের শীষ এখন শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের আশা, আস্থা এবং মুক্তির প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্য, মানবিকতা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি উবাদুল্লাহ উবাই, উপজেলা যুবদলের সদস্য টুটুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ শেখ ইনা, সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান রোকন ও কালী মন্দিরের সভাপতি শ্রী অসিত কুমার প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















