চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে আমার বাংলাদেশ (এবি পার্টি) ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নবনির্মিত কার্যালয়টি উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।
কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ভোটের মাধ্যমে বিদায় দিতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকূল থেকে দেশকে মুক্ত করতে হলে যোগ্য প্রার্থীকে দেখে ভোট দিতে হবে, শুধু মার্কা দেখে নয়। ২৪-এর আন্দোলন পুরনো রাজনীতির কবর রচনা করেছে। এখন সময় এসেছে দেশকে নতুনভাবে বদলে দেওয়ার। বাংলাদেশকে কল্যাণরাষ্ট্রে রূপান্তরিত করতে ঈগল প্রতীকে সবার ভোট চাই।
ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে মানুষ ক্লান্ত। নতুন রাজনীতির প্রতি মানুষের আগ্রহ স্পষ্ট। রানা ভাই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন—এ ব্যাপারে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুসাব ইবনে শাফায়েত, কুমারী ইউনিয়ন এবি পার্টির নেতা ডা. শরিফুল, মোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন ডা. শরিফুল।
কুমারী ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























